দীর্ঘ ১৭ বছরের বেশি সময় লন্ডনে নির্বাসনে থাকার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। এই খবরে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও তৈরি হয়েছে বিশেষ আবেগ। সেই আবেগকে সুর ও কথায় বেঁধে নতুন গান প্রকাশ করলেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন গান ‘নেতা আসছে’।
গানটির কথা লিখেছেন মিজানুর রহমান। পলক হাসান সুমনের সুরে এর সঙ্গীতায়োজন করেছেন এ এন ফরহাদ। গ্রন্থনা, পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চিত্রনায়ক হেলাল খান।গানের কথায় উঠে এসেছে প্রত্যাবর্তনের প্রতীক্ষা ও আশাবাদের বার্তা—‘নেতা আসছে, নেতা আসছে, মা-মাটি মানুষের কাছে। যেন বাংলাদেশ হাসছে, তার সূর্যসন্তান আসছে।’
গানটি প্রকাশ করা হয়েছে বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজে। সেখানে প্রকাশের পর থেকেই দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক সাড়া দেখা গেছে। অসংখ্য অনুসারী মন্তব্যের মাধ্যমে তারেক রহমানকে স্বাগত জানাচ্ছেন এবং গানটির প্রশংসা করছেন।তারেক রহমানের দেশে ফেরা ঘিরে রাজনৈতিক উত্তাপের পাশাপাশি এই গান নতুন করে আলোচনায় এনে দিয়েছে সাংস্কৃতিক মাধ্যমেও তার প্রত্যাবর্তনের প্রভাব।